খেলারদেশ

ইউএস ওপেনের নতুন রানী রাইবাকিনা

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাজত্বের পালাবদল। দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী হলেন এলেনা রিবাকিনা। দারুণ লড়াইয়ের ফাইনালে কাজাখস্তানের এই তারকা জিতেছেন ৬-৪, ৫-৭, ৬-২ গেমে। প্রথমবারের মতো ফ্লাশিং মিডোজের শিরোপা উঠল তাঁর হাতে।

ইউএস ওপেনের নতুন রানী রাইবাকিনা
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

শুরু থেকেই ম্যাচে ছিল দুই তারকার আক্রমণাত্মক টেনিসের লড়াই। শক্তিশালী সার্ভ আর নিখুঁত গ্রাউন্ডস্ট্রোকে সাবালেঙ্কাকে চাপে রাখেন রাইবাকিনা। প্রথম সেটে সেই চাপের ফলও পান। ৬-৪ গেমে সেট জিতে এগিয়ে যান তিনি।

তবে দ্বিতীয় সেটে ছবিটা বদলে দেন সাবালেঙ্কা। ফাইনালের শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফিরে আসেন বেলারুশের এই তারকা। রাইবাকিনার ওপর চাপ বাড়িয়ে শেষ পর্যন্ত ৭-৫ গেমে সেটটি জিতে ম্যাচ নিয়ে যান সমতায়।

তৃতীয় সেটে অবশ্য আর কোনো সুযোগ দেননি রাইবাকিনা। শুরু থেকেই আগ্রাসী টেনিস খেলতে থাকেন তিনি। শক্তিশালী সার্ভের পাশাপাশি বেসলাইন থেকে দুর্দান্ত শটে সাবালেঙ্কাকে বারবার ভুল করতে বাধ্য করেন। ম্যাচ যত গড়িয়েছে, ততই পরিষ্কার হয়েছে রাইবাকিনার আধিপত্য।

শেষ পর্যন্ত ৬-২ গেমে তৃতীয় সেট জিতে নেন তিনি। সঙ্গে নিশ্চিত করেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম এবং প্রথম ইউএস ওপেন শিরোপা। রাইবাকিনার এই জয়ে থেমে গেল সাবালেঙ্কার নিউইয়র্ক-রাজত্বও। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর ইউএস ওপেনে টানা ১৯ ম্যাচ জিতেছিলেন সাবালেঙ্কা। সেই জয়রথ থামল রাইবাকিনার হাতেই। টানা তৃতীয়বার ইউএস ওপেন জয়ের স্বপ্নও পূরণ হলো না তাঁর।

রাইবাকিনার জন্য জয়টি আরও বিশেষ। ২০২৬ সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন তিনি। একই বছরে দুই গ্র্যান্ড স্লামের ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে এবার টেনিসে নিজের অবস্থান আরও শক্ত করলেন ২৭ বছর বয়সী এই তারকা।

শুধু শিরোপা নয়, ইউএস ওপেন জয়ের সঙ্গে তাঁর হাতে উঠেছে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারও। একই সঙ্গে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংও নিজের করে নিয়েছেন তিনি।

অথচ নিউইয়র্কে এর আগে রাইবাকিনার পথচলা খুব একটা সুখকর ছিল না। ইউএস ওপেনে আগের সাত অংশগ্রহণে কখনো চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি। এবার সেই ফ্লাশিং মিডোজেই সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন তিনি।

অন্যদিকে হারের হতাশা লুকাতে পারেননি সাবালেঙ্কা। ম্যাচ শেষে র‌্যাকেট ভেঙে ফেলেন তিনি। তবে ট্রফি বিতরণ অনুষ্ঠানে রাইবাকিনার প্রশংসা করতেও ভোলেননি; রাইবাকিনার হাতে তখন নতুন মুকুট।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।