উইম্বলডন পুরুষ একক ফাইনালে শিল্পের কাছে শক্তির হার
টেনিসের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ উইম্বলডনের পুরুষ এককে আলেক্সান্ডার জভেরেভকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছেন ইয়ানিক সিনার

উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন ইয়ানিক সিনার
উইম্বলডনের সেন্টার কোর্টে ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার আর জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভ, গ্যালারিতে সাধারণ দর্শকের সাথে অন্যান্য খেলার তারকা, বৃটিশ রয়্যাল পরিবারের অতিথি ও চিত্রতারকাদের মেলা। টেলিভিশনে কোটি কোটি দর্শক। যারাই সিনার আর জভেরেভের মধ্যকার এ বছর উইম্বলডন পুরুষ এককের ফাইনাল দেখেছেন, সবাই রুদ্ধশ্বাস এক ম্যাচের অপেক্ষাতেই ছিলেন। প্রথম দুই সেটে সেই রুদ্ধশ্বাস লড়াই হলেও নিজের শৈল্পিক খেলায় জভেরেভকে হারান সিনার। র্যাংকিংয়ের এক নম্বর তারকার কাছে তিন নাম্বার তারকা ৩-১ সেটে হেরে রানার আপ হয়েছেন।
প্রথম সেট থেকেই তীব্র লড়াই, কেউ এক বিন্দু ছাড় দেওয়ার পাত্র নন। প্রথম সেটে জয়-পরাজয় নির্ধারণ হতে সময় লাগে ৬৫ মিনিট। তা ৭-৬ গেমে জিতে নেন জভেরেভ। যে যখন সার্ভে, গেম জিতে নেওয়ার ওস্তাদিতে তিনিই সেরা। এভাবেই চলতে থাকে একের পর এক পয়েন্ট নেওয়া ও গেম জেতার লড়াই। সার্ভে পয়েন্ট কেড়ে নিতে যিনি তৎপর তিনিই শেষ পর্যন্ত সেট ও ম্যাচ জিতে নেন।

প্রথম দুই সেটে তীব্র লড়াই হলেও পরের দুটি সেট সহজে জেতেন সিনার
দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা দেখা যায়। ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড ভলির পসরা সাজান দুজনেই। জভেরেভ এক গেম জেতেন তো পরের গেমেই সিনার সমতা ফেরান। তবে সার্ভের গতিতে এবং 'শট অন অ্যাটাকে' জভেরেভ এগিয়ে ছিলেন। ১৩৯ কিলোমিটার গতিতেও সার্ভ করেছেন এই ২৯ বছর বয়সী জার্মান। তবে কৌশলে পিছিয়ে ছিলেন না ইতালিয়ান সিনার। তাই দ্বিতীয় সেটও টাইব্রেকারে যায়। টাইব্রেক গেমটি ৭-২ পয়েন্টে জিতে নেন বর্তমান চ্যাম্পিয়ন সিনার। খেলায় ১-১ সেটে সমতা আসে।
ম্যাচে প্রথম ব্রেক পয়েন্ট আসে তিন নম্বর সেটে, ৮ম গেমে, প্রায় তিন ঘণ্টা খেলার পর। জভেরেভের সার্ভ ব্রেক করে গেমটি জিতে ৫-৩ গেমে লিড নেন সিনার। পরের গেমটি ছিলো তাঁর সার্ভে, সেটি সহজে জিতে তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে ম্যাচে এগিয়ে যান এই ২৪ বছর বয়সী তারকা। পরের সেটেও ব্রেক পয়েন্ট জিতে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যান সিনার। জভেরেভের সার্ভ করা ৭ম গেম দুর্দান্ত ডিফেন্সিভ টেকনিক ও শটে প্রতিপক্ষকে হতাশ করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। নিজের করা সার্ভে ৮ম গেম নিজের করে নিয়ে ম্যাচ ডিসাইডিং সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান সিনার। পরের গেম জভেরেভ জিতলেও শিরোপা ধরে রাখার জন্য ৪র্থ সেটের দশ নম্বর গেমটি জেতাই যথেষ্ট ছিলো সিনারের জন্য। সেই কাজ তিনি সহজেই সেরে ফেলেন।
সবচেয়ে নামজাদা টেনিস টুর্নামেন্ট উইম্বলডনে নিজের দ্বিতীয়, সব মিলিয়ে পঞ্চম গ্র্যান্ডস্লাম শিরোপার মুকুট মাথায় নিয়ে বর্তমানে পুরুষদের টেনিসে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার ইতালিয়ান ইয়ানিক সিনার। চ্যাম্পিয়ন হয়ে ৩৬ লাখ পাউন্ড বা ৫৯০ কোটি টাকারও বেশি নিজের প্রাইজমানিতে যোগ করেছেন তিনি। তাতে প্রথম উইম্বলডন শিরোপা জেতার জন্য আলেকজান্ডার জভেরেভের অপেক্ষা আরও বাড়লো।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।