ম্যানচেস্টার সিটি বনাম বোর্নমাউথ
হালান্ডকে হারিয়ে বিশ্বকাপের শোধ নিতে চান রায়ান
বিশ্বকাপের হারের প্রতিশোধ হালান্ডের বিপক্ষে নিতে চান রায়ান

হালান্ডকে হারিয়ে বিশ্বকাপের শোধ নিতে চান রায়ান
বিশ্বকাপের মঞ্চে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে হারের ক্ষত এখনো ভুলতে পারেননি ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ান। সেই হালান্ডের সঙ্গেই এবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার অপেক্ষায় তিনি। আর সুযোগ পেলে বিশ্বকাপের সেই হারের ‘প্রতিশোধ’ নিতে চান বোর্নমাউথের এই ২০ বছর বয়সী ফরোয়ার্ড।
আজ সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে বোর্নমাউথ। ম্যাচটি হবে সিটির মাঠে। বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর হালান্ডের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রায়ান সরাসরিই বলেন, ‘অবশ্যই। আমাকে প্রতিশোধ নিতেই হবে।’
তবে বিষয়টি যে সহজ হবে না, সেটাও ভালোভাবেই জানেন রায়ান। সিটির মাঠে খেলাটাকেই তিনি দেখছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। ‘এটা আপনার খেলতে পারা সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটা, বিশেষ করে তাদের নিজের মাঠে। তারা গত মৌসুমে শিরোপা হারিয়েছে, তাই অনেক বেশি প্রেরণা নিয়ে মাঠে নামবে,’ বলেন তিনি।
গত মৌসুমে আর্সেনালের সঙ্গে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। রায়ানের মতে, সেই ব্যর্থতার প্রভাব এবারও সিটির ওপর থাকতে পারে। তার ওপর মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিকে হারিয়েছে তারা। স্পেনের এই তারকা এবার বার্সেলোনায় যোগ দিয়েছেন। রায়ান বলেন, ‘আপনি যখন শিরোপা হারান, আত্মবিশ্বাসে কিছুটা পরিবর্তন আসতেই পারে। তার ওপর তারা রদ্রিকেও হারিয়েছে। আক্রমণ গড়ে তোলা ও সৃষ্টিশীলতায় সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল।’
সিটিতে যাচ্ছেন আইয়ুব বোয়াদি

বোর্নমাউথের হয়ে গত মৌসুমের মাঝপথে যোগ দিয়েছিলেন রায়ান। মাত্র ১৫ ম্যাচেই পাঁচ গোল করে নজর কাড়েন তিনি। তার পারফরম্যান্সে দলটি ইউরোপা লিগে জায়গা করে নেয়। এরপর বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে খেলেছেন রায়ান। টুর্নামেন্টে চার ম্যাচে মাঠে নামেন তিনি এবং নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে শুরু থেকেই খেলেছিলেন। সেই ম্যাচেই হালান্ডদের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের।
বিশ্বকাপের অভিজ্ঞতা যে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এনেছে, সেটিও স্বীকার করছেন রায়ান। টুর্নামেন্টের সময় তার বয়স ছিল ১৯। গত ৩ আগস্ট ২০ বছরে পা দিয়েছেন তিনি। বলেন, ‘বিশ্বকাপের পর মানুষ আপনাকে অন্যভাবে দেখতে শুরু করে। বিশ্বকাপ একজন খেলোয়াড়কে একটা নির্দিষ্ট মর্যাদা দেয় এবং এর অনেক গুরুত্ব রয়েছে। এখন আমাকে সেই মর্যাদার সর্বোচ্চ ব্যবহার করতে হবে,’ বলেন রায়ান।
বোর্নমাউথেও নতুন কোচ মার্কো রোজের অধীনে নতুন অধ্যায় শুরু হচ্ছে তার। জার্মান এই কোচের অধীনে দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট রায়ান, ‘আমাদের প্রাক-মৌসুম খুব ভালো গেছে। তিনি খুবই কৌশলনির্ভর এবং আক্রমণাত্মক মানসিকতার কোচ। তার দলগুলোকে উঁচু থেকে প্রেসিং করতে পছন্দ করেন। পুরো দলই তাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে,’ বলেন রায়ান।
নতুন মৌসুমে বোর্নমাউথের সামনে আবারও ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা ধরে রাখার লক্ষ্য। একই সঙ্গে ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপা লিগে খেলবে তারা। রায়ানের চোখ অবশ্য আরও বড় স্বপ্নে, ‘এটা এই প্রতিযোগিতায় ক্লাবটির প্রথম অংশগ্রহণ। আমরা যতটা সম্ভব এগিয়ে যেতে সবকিছু দেব। কে জানে, হয়তো আমরা এটা জিততেও পারি। আমাদের লক্ষ্য গত মৌসুমের চেয়েও ভালো করা এবং আবারও ইউরোপীয় জায়গার জন্য লড়াই করা।’
তবে তার আগে রায়ানের সামনে সবচেয়ে বড় ব্যক্তিগত চ্যালেঞ্জ—হালান্ডের মুখোমুখি হওয়া। বিশ্বকাপের মঞ্চে যে লড়াইয়ে শেষ হাসি হেসেছিল নরওয়ে, প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই সেই হাসির প্রতি-হাসি হাসতে চান ব্রাজিলিয়ান তরুণ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।