এফএ কমিউনিটি শিল্ড
ছন্দহীন আর্সেনালের মুখোমুখি নতুন ম্যান সিটি
এফএ কমিউনিটি শিল্ড ফাইনালে রবিবার মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি

ইংলিশ ফুটবলের নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে জমজমাট এক লড়াই দিয়ে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় ২০২৬ এফএ কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল এই ম্যাচকে দেখছে নতুন মৌসুমের জন্য পূর্ণ আত্মবিশ্বাস পাবার সুযোগ হিসেবে। তবে প্রস্তুতি ম্যাচগুলোর পারফরম্যান্স খুব একটা স্বস্তি দিচ্ছে না মিকেল আর্তেতাকে। প্রাক-মৌসুমে শেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে আর্সেনাল। জিরোনাকে ৪-১ গোলে হারানোর পর রিয়াল বেতিসের কাছে ৩-১ এবং বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। কোমোর বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
তবে ফলাফলের চেয়েও বেশি উদ্বেগের কারণ আর্সেনালের রক্ষণভাগ। শেষ চার ম্যাচের একটিতেও ক্লিন শিট রাখতে পারেনি, হজম করেছে মোট আট গোল।

পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বারের অনুপস্থিতি। ফলে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচের আগে রক্ষণভাগকে গুছিয়ে নেওয়াই এখন আর্তেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও আক্রমণভাগ নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নেই। মার্টিন ওডেগার্ড, গাব্রিয়েল মার্তিনেল্লি ও নতুন তারকা ভিক্টর জিওকেরেসকে ঘিরে আর্সেনালের আক্রমণভাগ এখনো যথেষ্ট শক্তিশালী।

অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য এটা একেবারেই নতুন এক অধ্যায়ের সূচনা। দীর্ঘ এক দশক পর পেপ গার্দিওলার বিদায়ে শেষ হয়েছে একটা সফল যুগ। তার স্থলাভিষিক্ত হয়েছেন এনজো মারেস্কা। প্রাক-মৌসুমে সিটির পারফরম্যান্স ছিল বেশ ইতিবাচক। ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কে-লিগ অল স্টার ও আতলেতিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।
তবে এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মারেস্কাও। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রি। অন্যদিকে আর্লিং হালান্ড অনুশীলনে ফিরলেও ম্যাচ ফিটনেস নিয়ে এখনো কিছুটা প্রশ্ন রয়েছে।
তবুও ফিল ফোডেন, ওমর মারমুশ, জেরেমি ডোকু ও রুবেন দিয়াসদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলই মাঠে নামাবে ম্যানচেস্টার সিটি।
দুই দলের সাম্প্রতিক অবস্থা বিবেচনায় ম্যাচটি হতে পারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আর্সেনাল চাইবে গত দুই ম্যাচের হতাশা ভুলে নতুন মৌসুমের শুরুটা ট্রফি দিয়ে করতে। অন্যদিকে নতুন কোচের অধীনে প্রথম শিরোপা জিতে নিজেদের নতুন যুগের সূচনা করতে চাইবে ম্যানচেস্টার সিটি।

সম্ভাব্য একাদশ
আর্সেনাল: রায়া; বেন হোয়াইট, মসকেরা, গ্যাব্রিয়েল, এনকাপিয়ে; ব্রুনো গিমারায়েস, লুইস-স্কেলি, ওডেগার্ড; নওয়ানেরি, জিওকেরেস, মার্তিনেল্লি।
ম্যানচেস্টার সিটি: দোন্নারুম্মা; মাতেউস নুনেস, মার্ক গেহি, রুবেন দিয়াস, নাথান আকে; ফিল ফোডেন, মাতেও কোভাচিচ, এলিয়ট অ্যান্ডারসন; সেমেনিও, মারমুশ, ডোকু।
সম্ভাব্য ফলাফল: আর্সেনাল ২-১ ম্যানচেস্টার সিটি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।