খেলারদেশ

আর্সেনাল গুঞ্জনের মাঝেই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন ভিনিসিউসের

দীর্ঘদিন ধরেই নতুন চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। এ সময় আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছিল এবং সুযোগ তৈরি হলে ভিনিসিউসকে দলে ভেড়ানোর সম্ভাবনাও যাচাই করছিল বলে ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

আর্সেনাল গুঞ্জনের মাঝেই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন ভিনিসিউসের

ভিনিসিয়ুস জুনিয়র

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের দলবদলের বাজারে জোর গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ জায়ান্ট আর্সেনালে পাড়ি জমাতে পারেন ভিনিসিউস জুনিয়র। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ ক্লাবটির সঙ্গেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নতুন চুক্তির মাধ্যমে ২০৩২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাবিউতেই থাকছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভিনিসিউসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। দীর্ঘদিন ধরেই নতুন চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। এ সময় আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছিল এবং সুযোগ তৈরি হলে ভিনিসিউসকে দলে ভেড়ানোর সম্ভাবনাও যাচাই করছিল বলে ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

নতুন চুক্তির মাধ্যমে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ তারকাকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে সক্ষম হলো রিয়াল। একই সঙ্গে ভবিষ্যতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিনামূল্যে হারানোর আশঙ্কাও দূর হলো।

মাত্র ১৮ বছর বয়সে ২০১৮ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিউস। শুরুতে স্প্যানিশ ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও, ধীরে ধীরে তিনি দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে বিবেচিত এই ব্রাজিলিয়ান রেয়ালের দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দুটি ফাইনালেই গোল করার কীর্তি গড়েন।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ভিনিসিউস। ২০২৪ সালে ব্যালন ডি’অরের ভোটে রানার্সআপ হওয়ার পাশাপাশি একই বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৭৬ ম্যাচে ১২৮ গোল করার পাশাপাশি ১০০টি গোলেও সহায়তা করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

লাইপজিগ থেকে আইভরি কোস্টের উদীয়মান উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার দিনই ভিনিসিউসের চুক্তি নবায়নের খবর প্রকাশ করে রেয়াল। হতাশাজনক দুই মৌসুমের পর নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দল গুছিয়ে নিচ্ছে লস ব্লাঙ্কোস। ইতোমধ্যে গ্রীষ্মকালীন দলবদলে ছয়জন নতুন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে স্পেনের সফলতম ক্লাবটি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।