স্প্যানিশ গণমাধ্যমের দাবি
বার্সাতেই যাচ্ছেন রদ্রি
বার্সেলোনায় খেলতে সম্মতি দিয়েছেন রদ্রি, দাবি স্প্যানিশ গণমাধ্যমের

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বার্সেলোনায় যোগ দিতে সম্মতি দিয়েছেন বলে দাবি করেছে স্প্যানিশ ট্রান্সফার-সংক্রান্ত গণমাধ্যম জিজান্তেস। সাংবাদিক জেরার্ড রোমেরো ও নিল সোলার তথ্য অনুযায়ী, বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের প্রকল্পে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার।
প্রতিবেদন অনুযায়ী, হান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে রদ্রির সঙ্গে ফোনে কথা বলে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং বার্সেলোনায় যোগ দেওয়ার আহ্বান জানান। এরপরই নাকি স্পেনের জাতীয় দলের এই তারকা কাতালান ক্লাবের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। জিজান্তেস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, “রদ্রি বার্সাকে বেছে নিয়েছেন। মিডফিল্ডার হান্সি ফ্লিকের প্রকল্পে সম্মতি দিয়েছেন। এখন তাকে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা।”
এর আগে রদ্রিকে দলে ভেড়ানোর বিষয়ে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে ট্রান্সফার ফির অঙ্কে দুই ক্লাবের মতপার্থক্যের কারণে সেই আলোচনা ভেঙে যায়। জানা গেছে, সিটি প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো দাবি করলেও রিয়াল মাদ্রিদ প্রাথমিকভাবে ৫ কোটি ইউরোর বেশি দিতে রাজি ছিল না।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, রদ্রির মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ ইউরো হতে পারে। অন্যদিকে কোপ-এর সাংবাদিক ভিক্টর নাভারোর দাবি, বার্সেলোনার কাছে তাকে ৬ কোটি ইউরোতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চুক্তি সম্পন্ন করতে হলে বার্সেলোনাকে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হবে। পাশাপাশি ইংল্যান্ডে বর্তমানে সপ্তাহে প্রায় ২ লাখ ২০ হাজার পাউন্ড বেতন পাওয়া রদ্রিকে বেতন কমাতেও হতে পারে।
ফরাসি সাংবাদিক ফ্যাব্রিস হকিন্সও দাবি করেছেন, রদ্রির প্রথম পছন্দ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ নয়। তার মতে, ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের পর থেকেই বার্সেলোনা রদ্রিকে দলে আনার আগ্রহ আরও বাড়িয়েছে। ক্লাবের বিশ্বাস, ফ্লিকের কৌশলের সঙ্গে রদ্রি পুরোপুরি মানিয়ে যাবেন এবং স্পেন জাতীয় দলের সতীর্থ পেদ্রির সঙ্গে মিডফিল্ডে শক্তিশালী জুটি গড়বেন।
তবে এখন পর্যন্ত এই সম্ভাব্য দলবদল নিয়ে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি কিংবা রদ্রির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো গণমাধ্যমের প্রতিবেদনের পর্যায়েই রয়েছে। যদি শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়, তাহলে এটি হবে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত ট্রান্সফারগুলোর একটি এবং বার্সেলোনার মিডফিল্ডে বড় শক্তি যোগ করবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।