খেলারদেশ

লা লিগা

‘ভিনিসিয়ুস আইন’সহ লা লিগায় নতুন নিয়ম

লা লিগায় নতুন মৌসুমে একগুচ্ছ নিয়ম, থাকছে ‘ভিনিসিয়ুস আইন’

‘ভিনিসিয়ুস আইন’সহ লা লিগায় নতুন নিয়ম
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে স্পেনের সব স্তরের ফুটবলের জন্য রেফারিং ও ম্যাচ পরিচালনায় বড় ধরনের পরিবর্তন এনেছে লা লিগা। স্পেনের টেকনিক্যাল কমিটি অব রেফারিজ নতুন এসব নিয়ম ঘোষণা করেছে। সময়ক্ষেপণ কমানো, ভিডিও প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার এবং মাঠে শৃঙ্খলা নিশ্চিত করাই এসব পরিবর্তনের মূল লক্ষ্য।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে ঘিরে সাম্প্রতিক মৌসুমগুলোতে রেফারিং নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের আশা, নতুন নিয়মগুলো ম্যাচ পরিচালনায় আরও স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করবে।

সবচেয়ে আলোচিত সংযোজন হলো ‘ভিনিসিয়ুস আইন’। ২০২৬ বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই নিয়মের লক্ষ্য খেলোয়াড়দের মুখ ঢেকে প্রতিপক্ষ বা রেফারিকে গালিগালাজ কিংবা আপত্তিকর মন্তব্য করা নিরুৎসাহিত করা। বিশ্বকাপে এমন ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানো হলেও, লা লিগায় তুলনামূলক নমনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো খেলোয়াড় তর্ক-বিতর্ক বা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করার সময় মুখ ঢেকে কথা বললে তাকে হলুদ কার্ড দেখাতে পারবেন রেফারি। এ ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করবে না। সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মাঠের রেফারির ওপরই নির্ভর করবে।

Image

সময় নষ্ট করা ঠেকাতে বদলি খেলোয়াড়দের জন্যও নতুন নিয়ম চালু হয়েছে। বদলি হিসেবে খেলোয়াড়ের মাঠ ছাড়ার সময়সীমা ১০ সেকেন্ড। নির্ধারিত সময়ের বেশি নিলে বদলি হিসেবে নামা খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। একইভাবে মাঠে চিকিৎসা নেওয়া কোনো খেলোয়াড়কে মাঠে ফিরতে হলে অন্তত এক মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে।

তবে গোলরক্ষক, মাথায় আঘাত পাওয়া খেলোয়াড় কিংবা কার্ডযোগ্য ফাউলের শিকার হওয়া ফুটবলারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। আর গোলরক্ষকের চিকিৎসার সময় অযথা সময় নষ্ট ঠেকাতে কোচের মনোনীত একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

Image

সেট-পিসেও সময়ক্ষেপণের বিরুদ্ধে কঠোর হচ্ছে লা লিগা। থ্রো-ইন বা গোল-কিক নিতে দেরি হলে রেফারি পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। সময় শেষ হওয়ার পরও বল খেলায় না আনলে প্রতিপক্ষ দল বলের দখল পাবে। এছাড়া ভিএআরের ক্ষমতাও বাড়ানো হয়েছে। ভুল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখানো হলে ভিএআর তা সংশোধন করতে পারবে। প্রতিটি কর্নারের সিদ্ধান্তও স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে এবং স্পষ্ট ভুল প্রমাণিত হলে সেটি গোল-কিকে পরিবর্তন করা হবে। পাশাপাশি ভিএআর পর্যালোচনার পর রেফারিদের স্টেডিয়ামের মাইক্রোফোন ব্যবহার করে দর্শকদের সামনে সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে।

নিয়মে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যোগ করা হয়েছে। গোল-কিক থেকে বল ছয় গজের বক্সের বাইরে যাওয়ার আগে সতীর্থ যদি হাতে বল স্পর্শ করেন, তাহলে প্রতিপক্ষ পেনাল্টি পাবে। এছাড়া পেনাল্টি নেওয়ার সময় ভুলবশত একই খেলোয়াড়ের পায়ে দুইবার বল লাগার নিয়মেও পরিবর্তন এসেছে। এমন অবস্থায় গোল হলে পেনাল্টি পুনরায় নেওয়া হবে। তবে দ্বিতীয় স্পর্শের পর গোল না হলে বা গোলরক্ষক বল ঠেকিয়ে দিলে পুনরায় পেনাল্টি হবে না; খেলা স্বাভাবিকভাবেই চলবে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।