খেলারদেশ

রোনালদিনিয়ো ব্রাজিল

অবসর ভেঙে প্রফেশনাল ফুটবলে রোনালদিনিয়ো

রাভেন্নায় ‘রোনালদিনিয়ো উন্মাদনা’: ৪৬ বছরেও কেন ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ঘিরে এত আলোড়ন?

অবসর ভেঙে প্রফেশনাল ফুটবলে রোনালদিনিয়ো

অবসর ভেঙে প্রফেশনাল ফুটবলে রোনালদিনিয়ো

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

অবসর ভেঙে ৪৬ বছর বয়সে রোনালদিনিয়ো প্রফেশনাল ফুটবলে ফিরেছেন। তাই ইতালির ঐতিহাসিক শহর রাভেন্নায় উন্মাদনা। আর নতুন করে বিশ্ব ফুটবলের আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো।

৪৬ বছর বয়সী সাবেক বিশ্বসেরা ফুটবলার রোনালদিনিয়োকে দলে ভেড়ানোর ঘোষণার পর থেকেই ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বাইজেন্টাইন মোজাইক ও দান্তে আলিগিয়েরির সমাধির জন্য পরিচিত রাভেন্না কখনোই ইতালির বড় ফুটবল শহর ছিল না। কিন্তু রোনালদিনিয়ো আগমনের খবর প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ক্লাবটির নাম উঠে আসে। শহরের ক্যাফে থেকে শুরু করে ফুটবলপ্রেমীদের আড্ডা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে একটাই নাম, রোনালদিনিয়ো।

Image

২০২৪ সালে ক্লাবটির মালিকানা নেন ইতালির ব্যবসায়ী ইগনাজিও চিপ্রিয়ানি। হ্যারি'স বার হসপিটালিটি গ্রুপের উত্তরসূরি চিপ্রিয়ানি দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই রাভেন্নাকে সিরি ডি থেকে ইতালির পেশাদার তৃতীয় বিভাগ সিরি সি-তে উন্নীত করেন। তবে তার লক্ষ্য আরও অনেক বড়।

চিপ্রিয়ানি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি বলেছি, আমাদের লক্ষ্য সিরি আ। দীর্ঘমেয়াদে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে চাই। অনেকেই এটিকে অবাস্তব মনে করেছিলেন, কিন্তু বড় লক্ষ্য ছাড়া বড় সাফল্য আসে না।’

রোনালদিনিয়োকে দলে আনার পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন তিনি। জানান, এসি মিলানের সাবেক ক্রীড়া পরিচালক আরিয়েদো ব্রাইদা ও লরেঞ্জো তোনেত্তির মাধ্যমে ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই সম্পর্ক বন্ধুত্বে রূপ নেয় এবং সেখান থেকেই এই চুক্তির পথ তৈরি হয়।

‘রোনালদিনিয়ো শুধু আমাদের ক্লাবের জার্সি পরবেন না, তিনি মাঠেও খেলবেন। এমনকি আমাদের হয়েই ক্যারিয়ারের শেষ গোলটি করার চেষ্টা করবেন,’ বলেন চিপ্রিয়ানি। রোনালদিনিয়োর আগমনের ঘোষণার পরই তার ব্যক্তিগত আর-১০ ব্র্যান্ডের লোগোযুক্ত বিশেষ সংস্করণের জার্সি বাজারে ছাড়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সব জার্সি বিক্রি হয়ে যায়। এতে স্পষ্ট হয়েছে, এই চুক্তি কেবল ফুটবলীয় নয়, বাণিজ্যিক দিক থেকেও বড় সাফল্য এনে দিতে পারে। তবে ক্লাব সভাপতি দাবি করেছেন, এটি শুধু বিপণন কৌশল নয়।

‘রোনালদিনিয়ো এমন একজন ফুটবলার, যিনি আমার প্রজন্মকে ফুটবলের প্রেমে ফেলেছিলেন। এখন আমরা চাই, তিনি নতুন প্রজন্মকেও রাভেন্নার সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে একটি শক্তিশালী সমর্থকগোষ্ঠী তৈরি করা,’ বলেন তিনি।

Image

রাভেন্না কর্তৃপক্ষ ইতোমধ্যে ৬ হাজার ৩০০ আসনের স্তাদিও ব্রুনো বেনেল্লি সংস্কারের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বহুমুখী আধুনিক স্টেডিয়াম, হোটেল, বাণিজ্যিক এলাকা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। রাভেন্নার মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি মনে করেন, রোনালদিনিয়োর আগমন পুরো শহরের জন্য ইতিবাচক হবে। তিনি বলেন, ‘খবরটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। রোনালদিনিয়ো শুধু একজন সাবেক ফুটবলার নন, তিনি বিশ্বব্যাপী পরিচিত একটি নাম। তার উপস্থিতি রাভেন্নার আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়াবে।’

তবে ক্লাবের কিছু ঐতিহ্যবাহী সমর্থক এই উদ্যোগকে সতর্কতার সঙ্গে দেখছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত বাণিজ্যিকীকরণ ফুটবলের ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও সভাপতি চিপ্রিয়ানি বলছেন, ‘সমর্থকরাই ক্লাবের সবচেয়ে বড় শক্তি। তাদের ছাড়া কোনো প্রকল্পই সফল হতে পারে না।’

Image

রোনালদিনিয়োর আগমনের প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে। মৌসুমী টিকিট বিক্রি বেড়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বজুড়ে রাভেন্নাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ২০ আগস্ট মেরিনা দি রাভেন্নায় আয়োজিত তিন দিনের গ্রীষ্মকালীন উৎসবে রোনালদিনিয়োর আনুষ্ঠানিক উপস্থিতির কথা রয়েছে। এরপরই শুরু হবে মাঠের লড়াই, যেখানে সিরি সি-তে শিরোপার লক্ষ্যে দল গঠন করছে রাভেন্না।

একসময় বিশ্ব ফুটবলে জাদুকর হিসেবে পরিচিত রোনালদিনিয়ো এখন রাভেন্নার নতুন স্বপ্নের প্রতীক। তিনি মাঠে কতটা অবদান রাখবেন, তা সময়ই বলবে। তবে একটা বিষয় ইতোমধ্যেই নিশ্চিত—তার আগমনে ইতালির ছোট্ট এই ক্লাবটি বিশ্ব ফুটবলের নজর কেড়েছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।