খেলারদেশ

ইংলিশ প্রিমিয়ার লিগ

কে জিতবে এবারের প্রিমিয়ার লিগ?

২০২৬-২৭ প্রিমিয়ার লিগ: কেন হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে জমজমাট শিরোপার লড়াই

কে জিতবে এবারের প্রিমিয়ার লিগ?

কে জিতবে এবারের প্রিমিয়ার লিগ?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বহু বছর ধরে প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে আধিপত্য ছিল কখনও ম্যানচেস্টার সিটির, কখনও লিভারপুল বা আর্সেনালের। তবে ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে পরিস্থিতি একেবারেই ভিন্ন। শীর্ষ ক্লাবগুলোর কোচ পরিবর্তন, বড় চোট, ইউরোপীয় সূচির চাপ এবং রেকর্ড ট্রান্সফার; সব মিলিয়ে এবার শিরোপার লড়াই হতে পারে সবচেয়ে অনিশ্চিত ও রোমাঞ্চকর।

১. নতুন কোচ, নতুন দর্শন

Image

প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ‘বিগ সিক্স’-এর মধ্যে পাঁচটি ক্লাবই নতুন মৌসুম শুরু করছে নতুন কোচের অধীনে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ম্যানচেস্টার সিটিতে। এক দশক ধরে ১৭টি বড় শিরোপা জেতানো পেপ গার্দিওলা গত মৌসুম শেষে বিদায় নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক সহকারী এনজো মারেস্কা।

চেলসির দায়িত্ব নিয়েছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার শাবি আলোনসো। বায়ার লেভারকুজেনকে অপরাজিত থেকে বুন্দেসলিগা জেতানোর পর রিয়াল মাদ্রিদে কঠিন সময় কাটিয়ে তিনি এখন স্ট্যামফোর্ড ব্রিজে নতুন চ্যালেঞ্জে। অন্যদিকে, ২০২৫-২৬ মৌসুমে বোর্নমাউথকে ষষ্ঠ স্থানে তোলা আন্দোনি ইরাওলাকে নিয়োগ দিয়েছে লিভারপুল।

ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিক এবং টটেনহ্যামে রবার্তো দে জারবিও গত মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়েছেন। ফলে আর্সেনালের মিকেল আর্তেতাই একমাত্র ‘বিগ সিক্স’ কোচ, যিনি আগের মৌসুম থেকেও একই পদে রয়েছেন।

২. সালিবার চোটে ধাক্কা আর্সেনালের

Image

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হলেও বড় ধাক্কা এসেছে উইলিয়াম সালিবার চোটে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলতে গিয়ে পিঠে চোট পান ২৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। ক্লাব জানিয়েছে, তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন সালিবা। গ্যাব্রিয়েলের সঙ্গে তার জুটি ছিল আর্সেনালের দুর্ভেদ্য রক্ষণভাগের মূল ভিত্তি।

পরিসংখ্যানও তার গুরুত্ব স্পষ্ট করে। ২০২২ সালে অভিষেকের পর সালিবাকে দলে নিয়ে আর্সেনাল প্রিমিয়ার লিগে জিতেছে ৬৮.৭ শতাংশ ম্যাচ (১৩১ ম্যাচে)। কিন্তু তাকে ছাড়া নেমে এসেছে মাত্র ৪৭.৬ শতাংশে (২১ ম্যাচে)। এদিকে মৌসুমের শুরুতেই অ্যাস্টন ভিলা ও চেলসির মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে আর্সেনাল।

৩. ইউরোপীয় সূচির চাপ কি ইউনাইটেডকে ভোগাবে?

Image

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছে মাত্র ৪০টি ম্যাচ। ১৯১৪-১৫ মৌসুমের পর যা তাদের সর্বনিম্ন। কম ম্যাচ খেলার সুবিধা নিয়ে তারা লিগে তৃতীয় হয়েছে। অন্যদিকে, চেলসি খেলেছে ৫৯টি ম্যাচ, টটেনহ্যাম ৫২টি। টানা ম্যাচ ও চোট-সমস্যায় চেলসি শেষ করেছে দশম স্থানে, আর টটেনহ্যাম অবনমন এড়িয়েছে শেষ দিন। নতুন মৌসুমে চেলসি ও টটেনহ্যামের ইউরোপীয় কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডসহ আরও নয়টি ইংলিশ ক্লাবকে খেলতে হবে ইউরোপে।

অতিরিক্ত ম্যাচের চাপ সামাল দিতে ইউনাইটেড ইতোমধ্যে চেলসি থেকে আন্দ্রেই সান্তোস এবং অ্যাস্টন ভিলা থেকে ইউরি টিলেমান্সকে দলে নিয়েছে। তবে এই সংযোজন ব্যস্ত সূচি সামলাতে যথেষ্ট হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

৪. চেলসি ও টটেনহ্যাম কি ‘ডার্ক হর্স’?

Image

গত মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি চেলসি ও টটেনহ্যাম। তবে এবার দুই ক্লাবই ট্রান্সফার বাজারে বড় বিনিয়োগ করেছে। চেলসি ১১৭ মিলিয়নে অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকে দলে এনে ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় বানিয়েছে। এছাড়া আতালান্তা থেকে মারকো পালেস্ত্রাকে কিনেছে £৪৭ মিলিয়নে। ড্যানি ওয়েলবেক, জর্ডান হেন্ডারসন ও ম্যাকসেন্স লাক্রোয়ার সঙ্গেও চুক্তির খুব কাছাকাছি তারা।

টটেনহ্যামও ব্যয় করেছে প্রায় £২৩৭ মিলিয়ন। ক্লাব রেকর্ড ভেঙে প্রথমে ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেসকে £৮৫ মিলিয়নে এবং পরে নিউক্যাসল থেকে সান্দ্রো টোনালিকে £১০০ মিলিয়নে দলে ভিড়িয়েছে। পাশাপাশি ইয়ান পল ফন হেকে, মার্কোস সেনেসি, অ্যান্ডি রবার্টসন ও মার্টিন দুব্রাভকাকেও দলে এনেছে।

নতুন কোচ, নতুন খেলোয়াড় এবং বদলে যাওয়া শক্তির ভারসাম্য—সব মিলিয়ে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপার লড়াই। এবার শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি, তা অনুমান করাও কঠিন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।