খেলারদেশ

রিয়াল মাদ্রিদ ট্রান্সফার, রদ্রি

রিয়ালেই যাচ্ছেন রদ্রি?

বিশ্বকাপের পর বদলে গেছে সব, রদ্রিকে দলে ভেড়াতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

রিয়ালেই যাচ্ছেন রদ্রি?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ঘিরে চলমান গুঞ্জন নতুন মোড় নিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর তাঁকে দলে ভেড়াতে এখন আরও সক্রিয় হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ।

দীর্ঘদিন ধরেই টনি ক্রুসের অবসরের পর তাঁর আদর্শ উত্তরসূরি হিসেবে রদ্রিকে দেখছে রিয়াল। তবে ক্লাবের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে এতদিন আনুষ্ঠানিক কোনো অগ্রগতি হয়নি। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানো এবং গোল্ডেন বল জয়ের পর রদ্রিকে নিয়ে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অবস্থানও বদলে গেছে।

আগে এই ট্রান্সফারে খুব একটা আগ্রহী না থাকলেও এখন রদ্রিকেই মিডফিল্ড শক্তিশালী করার প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। খবরে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ ও রদ্রির প্রতিনিধিদের মধ্যে সম্প্রতি মাদ্রিদে একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রদ্রিও নাকি রিয়ালে যোগ দিতে আগ্রহী।

তবে সম্ভাব্য এই চুক্তির সবচেয়ে বড় বাধা অর্থ। রিয়াল মাদ্রিদ ৬ কোটি ইউরোর বেশি খরচ করতে চায় না। অন্যদিকে ম্যানচেস্টার সিটি রদ্রির মূল্য প্রায় ১০ কোটি ইউরো নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশ্বকাপের আগে তুলনামূলক কম দামে চুক্তি সম্ভব হলেও, বিশ্বকাপজয়ী এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পর তাঁর বাজারমূল্য বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নগদের পাশাপাশি এদুয়ার্দো কামাভিঙ্গাকে চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনা করা হতে পারে। কারণ, ম্যানচেস্টার সিটি ফরাসি এই মিডফিল্ডারের প্রতি আগ্রহী বলে দাবি করা হচ্ছে।

যদিও বিভিন্ন গণমাধ্যমে এই ট্রান্সফার নিয়ে জোর আলোচনা চলছে, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি বা রদ্রির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই রদ্রি আদৌ এই গ্রীষ্মেই সান্তিয়াগো বার্নাবেউতে পাড়ি জমাবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে দুই ক্লাবের আনুষ্ঠানিক অবস্থানের জন্য।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।