প্রিমিয়ার লিগ
ম্যান সিটি থেকে এত খেলোয়াড় কিনছে কেন চেলসি?
কেন একের পর এক ম্যানচেস্টার সিটির একাডেমির খেলোয়াড় দলে নিচ্ছে চেলসি?

মরগ্যান রজার্স ২০১৯ সালে ওয়েস্ট ব্রম থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং ২০২৩ সাল পর্যন্ত সেখানে থাকার পর ১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মিডলসব্রোতে যোগ দেন।
ম্যানচেস্টার সিটি ও চেলসির প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রিমিয়ার লিগেই সীমাবদ্ধ নয়। বরং গত এক দশকে ইংলিশ একাডেমি ফুটবলেও এই দুই ক্লাব ছিল সবচেয়ে বড় দুই শক্তি। তবে সময়ের সঙ্গে সেই প্রতিদ্বন্দ্বিতা এখন এক অদ্ভুত মোড় নিয়েছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে চেলসি ধারাবাহিকভাবে ম্যানচেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।
সবশেষ সেই তালিকায় যোগ হয়েছে ক্লাব-রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে সই করা মরগান রজার্স। ২০২০ সালের এফএ ইয়ুথ কাপ ফাইনালে চেলসির বিপক্ষেই গোল করেছিলেন তিনি। সেই ম্যাচে গোল করেছিলেন কোল পালমারও, আর আক্রমণের নেতৃত্বে ছিলেন লিয়াম ডেলাপ।
নতুন মৌসুমে চেলসির প্রথম দলে এমন খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াতে পারে ছয়জন। যারা সবাই ম্যানচেস্টার সিটির একাডেমি গ্র্যাজুয়েট। এই তালিকায় রয়েছেন কোল পালমার, লিয়াম ডেলাপ, মরগান রজার্স, রোমিও লাভিয়া, জেমি গিটেন্স এবং তোসিন আদারাবিওয়ো। ২০২৩ সালের পর থেকে এই ছয়জনকে দলে আনতে চেলসির ব্যয় হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে, চেলসির নিজস্ব কোবহ্যাম একাডেমি থেকে নতুন কোচ শাবি আলোনসোর মূল দলে স্থায়ীভাবে রয়েছেন মাত্র তিনজন—রিস জেমস, লেভি কোলউইল ও জশ আচিয়াম্পং।

কোল পালমার ও ডেলাপ সিটির একাডেমিতে বেশ কয়েক বছর একসঙ্গে কাটিয়েছেন
চেলসির এই কৌশলের অন্যতম বড় কারণ কোল পালমারের বিস্ময়কর সাফল্য। ২০২৩ সালে প্রায় ৪২.৫ মিলিয়ন পাউন্ডে সিটি ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজে এসে তিনি খুব দ্রুতই প্রিমিয়ার লিগের অন্যতম সেরা তারকায় পরিণত হন। ক্লাবের ভেতরের অনেকের বিশ্বাস, সিটির একাডেমি থেকে উঠে আসা ফুটবলাররা ছোটবেলা থেকেই উচ্চমানের পরিবেশে বেড়ে ওঠে এবং জানে, শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য কী ধরনের মানসিকতা ও সংস্কৃতি দরকার।
চেলসির নিয়োগনীতির পেছনে বড় ভূমিকা রাখছেন জো শিল্ডস। তিনি একসময় ম্যানচেস্টার সিটির একাডেমির রিক্রুটমেন্ট বিভাগে কাজ করতেন। বর্তমানে চেলসির সিনিয়র ও একাডেমি—দুই পর্যায়ের খেলোয়াড় বাছাইয়েই তার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এছাড়া চেলসিতে এখন আরও অনেক সাবেক সিটি কর্মকর্তা ও কোচ কাজ করছেন। প্রথম দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন, একাডেমি পরিচালক গ্লেন ভ্যান ডের ক্রান এবং অতীতে প্রেসিডেন্ট টম গ্লিক—সবারই সিটির সঙ্গে সম্পর্ক ছিল। এমনকি সাবেক চেলসি কোচ এনজো মারেস্কাও আগে পেপ গার্দিওলার কোচিং স্টাফের সদস্য ছিলেন।
প্রিমিয়ার লিগ ও উয়েফার আর্থিক নিয়ম অনুযায়ী, একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় বিক্রি করলে সেই অর্থকে প্রায় পুরোপুরি লাভ হিসেবে দেখানো যায়। ফলে বড় ক্লাবগুলো প্রয়োজনে নিজেদের একাডেমির খেলোয়াড় বিক্রি করে নতুন তারকা কেনার আর্থিক সুযোগ তৈরি করে। ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও সেটিই হয়েছে। প্রথম দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়া প্রতিভাবান অনেক ফুটবলারকে বিক্রি করেছে তারা, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে চেলসি।
পেপ গার্দিওলা নিজেও বহুবার বলেছেন, প্রতি মৌসুমে সব প্রতিভাবান একাডেমি খেলোয়াড়কে প্রথম দলে জায়গা দেওয়া সম্ভব নয়। কারণ সিটি প্রতি বছরই বড় শিরোপার জন্য লড়াই করে এবং সেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর নির্ভরতা বেশি। কোল পালমার কিংবা জ্যাডন সাঞ্চোর মতো কয়েকজনকে ক্লাবে থাকার প্রস্তাব দেওয়া হলেও তারা নিয়মিত খেলার সুযোগের জন্য অন্য পথ বেছে নেন। মরগান রজার্সও সেই তালিকারই একজন।
একসময় চেলসি ও ম্যানচেস্টার সিটির একাডেমির মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এমনকি তরুণ খেলোয়াড়দের নিয়ে অযথা প্রতিযোগিতা এড়াতে দুই ক্লাবের মধ্যে অলিখিত সমঝোতাও ছিল—একজন আরেকজনের একাডেমি থেকে খেলোয়াড় নেবে না। কিন্তু সেই সময় এখন অতীত। নতুন মালিকানা, নতুন নিয়োগনীতি এবং নতুন ফুটবল দর্শনের ফলে চেলসি ধীরে ধীরে সিটির একাডেমি মডেলকেই অনুসরণ করছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং পদ্ধতি, স্কাউটিং এবং একাডেমি পরিচালনার ক্ষেত্রেও ম্যানচেস্টার সিটির প্রভাব এখন স্পষ্ট।
চেলসির নিজস্ব কোবহ্যাম একাডেমি এখনও ইংল্যান্ডের অন্যতম সেরা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি বুঝতে পেরেছে, ম্যানচেস্টার সিটির একাডেমিতে গড়ে ওঠা অনেক ফুটবলার ইতোমধ্যেই ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত। তাই কোল পালমারের সাফল্যের পর মরগান রজার্স, লিয়াম ডেলাপসহ আরও অনেককে দলে ভিড়িয়ে চেলসি যেন এক নতুন পথেই হাঁটছে—যেখানে প্রতিদ্বন্দ্বীর একাডেমিই হয়ে উঠছে নিজেদের ভবিষ্যৎ গড়ার অন্যতম বড় উৎস।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।