খেলারদেশ

বড় জয় দিয়ে ‌‘নতুন পর্তুগালে’র শুরু

বড় জয় দিয়ে ‌‘নতুন পর্তুগালে’র শুরু
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে সাম্প্রতিক নানা আলোচনার মধ্যেই ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। রোনালদোকে ছাড়া নতুন এক অধ্যায়ের শুরুটা কেমন হবে, সেটিই ছিল ম্যাচের আগে বড় প্রশ্ন। মাঠের ফুটবল অবশ্য সেই প্রশ্নের উত্তর দিয়েছে বেশ জোরালোভাবেই। ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে পর্তুগাল।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ৭ মিনিটে ভিতিনহার শট ঠেকিয়ে দেন ডেনমার্কের গোলরক্ষক মাদস হারমানসেন। পরের মিনিটেই জোয়াকিম মেহলের শটও ঠেকান দিয়োগো কস্তা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় পর্তুগাল।

১৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। গনসালো রামোসের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কানসেলো। এর কিছুক্ষণ পরই সমতা ফেরানোর সুযোগ পায় ডেনমার্ক। তবে পর্তুগালের আক্রমণও থামেনি। ১২ মিনিটে রামোসের শট পোস্টে লাগে।

২৩ মিনিটে মিকেল দামসগার্ডের গোলে ১-১ করে ডেনমার্ক। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল থেকে গোল করে পর্তুগালকে আবার এগিয়ে দেন গনসালো রামোস।

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭ নাম্বার জার্সিরও মালিকানা বদলে দিয়েছেন কোচ জেসুস

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭ নাম্বার জার্সিরও মালিকানা বদলে দিয়েছেন কোচ জেসুস

বিরতির পর ম্যাচে আরও গতি বাড়ে। ৫৩ মিনিটে দ্রুত আক্রমণ থেকে দামসগার্ডের পাসে গোল করে ডেনমার্ককে আবার সমতায় ফেরান রাসমুস হইলুন্দ। ২-২ হওয়ার পরও পর্তুগাল আক্রমণ চালিয়ে যায়।

৬৭ মিনিটে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোল করে পর্তুগালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন পিএসজির মিডফিল্ডার ভিতিনহা। শেষদিকে ডেনমার্ক যখন সমতা ফেরানোর চেষ্টা করছে, তখনই ম্যাচের শেষ পেরেকটি ঠোকেন জোয়াও ফেলিক্স। ৮৭ মিনিটে দিয়োগো দালতের পাস থেকে ডান পায়ের শটে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন তিনি।

৪-২ গোলের এই জয় পর্তুগালের জন্য তাই শুধু আরেকটি জয় নয়, রোনালদোকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ারও সুযোগ। আর সেই পারফরম্যান্সে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন ব্রুনো। একই সঙ্গে একাই পাঁচটি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। পরিসংখ্যানটি আরও চোখে পড়ার মতো, কারণ পুরো বিশ্বকাপে সব ম্যাচ মিলিয়েও এতগুলো সুযোগ তৈরি করতে পারেননি এই পর্তুগিজ মিডফিল্ডার। তাঁর নেতৃত্বে মাঝমাঠ থেকে পর্তুগালের আক্রমণ ছিল ধারালো এবং গতিশীল।

পর্তুগালের এমন পারফরম্যান্স দেখে সাবেক তারকা রিকার্ডো কোয়ারেজমাও মুগ্ধ। তাঁর মতে, ২০০৩ সালের পর পর্তুগালকে এত ভালো ফুটবল খেলতে দেখেননি তিনি। দলের সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে এই মন্তব্য নতুন পর্তুগালের পারফরম্যান্স নিয়ে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ম্যাচ শেষে রোনালদোকে ঘিরে বিতর্ক নিয়ে কথা বলেন গনসালো রামোস। শেষ দুই ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের দাবি, মাঠের খেলায় এসবের কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, এটি আমাদের প্রভাবিত করেনি। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই এবং আজ সেটাই করতে পেরেছি।

একই সুর শোনা গেছে ভিতিনহার কথাতেও। গোল করার পাশাপাশি মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পিএসজি মিডফিল্ডার প্রশংসা করেছেন কোচের কাজের।

কোচের কাজ ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে, সেটা খুব স্পষ্ট। আমরা তিন ম্যাচ ধরে উন্নতি করছি। কোচের সঙ্গে যত বেশি সময় কাটাচ্ছি, তাঁর ধারণাগুলো তত বেশি বুঝতে পারছি এবং আমাদের খেলার গতিশীলতাও বাড়ছে। এটিই এখন পর্যন্ত আমাদের সেরা পারফরম্যান্স।

রোনালদোকে ঘিরে ঘটনা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ভিতিনহাকে। তবে তাঁর বক্তব্য, দলের মনোযোগ মাঠের খেলাতেই ছিল। ভিতিনহা বলেন, আমরা ম্যাচে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি এবং সেটাই করেছি। পুরো দলকে এজন্য অভিনন্দন। আমরা দারুণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি।

কোচ জর্জ জেসুসও রোনালদো-সংক্রান্ত পরিস্থিতির চেয়ে মাঠের কাজকেই বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। ম্যাচ শেষে তাঁর কথায় ফুটে উঠেছে কোচ হিসেবে নিজের কাজের জায়গা নিয়ে পরিষ্কার অবস্থান।

তিনি বলেন, আমার জন্য মনোযোগ ধরে রাখা কঠিন নয়। জানেন, আমার জন্য কী কঠিন? ভেতরে কী ঘটছে সেটা না বোঝা, কীভাবে খেলোয়াড়দের অনুশীলন করাব, সেটাই কঠিন। বাকি সবকিছু... শূন্য।

রোনালদোকে ঘিরে বিতর্কের বাইরে পর্তুগাল যে নিজেদের নতুনভাবে সাজানোর চেষ্টা করছে, ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় তারই একটি বড় বার্তা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।