আর্সেনাল-চেলসি প্রিভিউ
জমজমাট লড়াইয়ের অপেক্ষায় লন্ডন ডার্বি
প্রিমিয়ার লিগের মৌসুমের শুরুটা দুই দলেরই হয়েছে শতভাগ সাফল্যে। তবে তৃতীয় ম্যাচেই সেই নিখুঁত রেকর্ড ধরে রাখার পরীক্ষায় নামছে আর্সেনাল ও চেলসি। রোববার এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে লন্ডনের দুই জায়ান্ট। শিরোপার দৌড়ে শুরুতেই নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দুই দলের জন্যই ম্যাচটি হতে পারে আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ।

প্রিমিয়ার লিগের মৌসুমের শুরুটা দুই দলেরই হয়েছে শতভাগ সাফল্যে। তবে তৃতীয় ম্যাচেই সেই নিখুঁত রেকর্ড ধরে রাখার পরীক্ষায় নামছে আর্সেনাল ও চেলসি। রোববার এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে লন্ডনের দুই জায়ান্ট। শিরোপার দৌড়ে শুরুতেই নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দুই দলের জন্যই ম্যাচটি হতে পারে আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ।
মোটামোটি গোছানো ফুটবল দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল তার মৌসুম শুরু করেছে। কোভেন্ট্রি সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে টানা দুই জয় পেয়েছে মিকেল আর্তেতার দল, কোনো গোলও হজম করেনি। শুধু ফল নয়, রক্ষণভাগের দৃঢ়তাও শুরুতে আর্সেনালের বড় শক্তি হয়ে উঠেছে।
প্রথম দুই ম্যাচে আর্সেনাল প্রতিপক্ষকে মাত্র ১১টি শট নেওয়ার সুযোগ দিয়েছে। এর মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি। প্রতিপক্ষের সম্মিলিত প্রত্যাশিত গোলের পরিমাণও ছিল মাত্র ০.৫৪। গত মৌসুমের শেষ ভাগে যে শক্তিশালী রক্ষণ দেখা গিয়েছিল, নতুন মৌসুমেও সেটিই ধরে রেখেছে গানাররা।
অন্যদিকে, চেলসির শুরুটা হয়েছে ভিন্ন চিত্রে। কোচ হিসেবে জাবি আলোনসোর অধীনে প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচেই গোলের বন্যা দেখেছে দলটি। ফুলহাম ও ব্রাইটনের বিপক্ষে দুই ম্যাচে চেলসি করেছে সাত গোল, হজম করেছে পাঁচটি। এর আগে লুটন টাউনকে হারিয়ে লিগ কাপেও জয় পেয়েছে তারা।
আক্রমণভাগে চেলসির সমন্বয় অবশ্য নজর কেড়েছে। জোয়াও পেদ্রো, মরগান রজার্স ও কোল পালমারকে ইতোমধ্যেই বেশ ভালোই বোঝাপড়া গড়ে তুলতে দেখা যাচ্ছে। জোয়াও পেদ্রো প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চেলসির প্রথম দুই ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করেছেন। ক্লাবটির হয়ে প্রথম দুই ম্যাচে এমন কীর্তি গড়া প্রথম খেলোয়াড় তিনি।
পালমারের সামনে রয়েছে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি। চেলসির হয়ে প্রিমিয়ার লিগে ৯৮ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। আর এক গোল পেলেই স্পর্শ করবেন ৫০ গোলের মাইলফলক। চেলসির হয়ে ১০০ ম্যাচের কম সময়ে ৫০ গোল করতে পেরেছেন এর আগে মাত্র দুজন—জিমি ফ্লয়েড হাসেলবেইঙ্ক ও দিয়েগো কস্তা।
তবে চেলসির আক্রমণ যতটা ধারালো, রক্ষণ নিয়ে ততটাই প্রশ্ন রয়েছে। প্রিমিয়ার লিগে টানা ১৮ ম্যাচে ক্লিন শিট রাখতে পারেনি তারা। এই সময়ে দলের রক্ষণভাগের দুর্বলতা বড় পরীক্ষায় ফেলতে পারে আলোনসোকে।
অন্যদিকে আর্সেনালের বিপক্ষে চেলসির সাম্প্রতিক রেকর্ডও স্বস্তিদায়ক নয়। প্রিমিয়ার লিগে দুই দলের সর্বশেষ নয় দেখায় অপরাজিত আর্সেনাল—জিতেছে ছয়টি, ড্র হয়েছে তিনটি। এমিরেটসে তো চেলসির অবস্থা আরও খারাপ; সেখানে আর্সেনালের বিপক্ষে সর্বশেষ চার অ্যাওয়ে লিগ ম্যাচেই হেরেছে তারা, মোট গোলের ব্যবধান ১১-২।
নিজেদের মাঠে তাই এগিয়ে থেকেই মাঠে নামবে আর্সেনাল। তবে টানা দুই ম্যাচে গোলের উৎসব করা চেলসিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে পালমার-রজার্স-জোয়াও পেদ্রোর আক্রমণভাগ যদি ছন্দে থাকে, আর্সেনালের শক্ত রক্ষণও কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে।
আর্সেনালের জন্য ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ বুকায়ো সাকা। প্রিমিয়ার লিগে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন তিনি। ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির পর এবারই প্রথম টানা দুই লিগ ম্যাচে গোল পেলেন ইংলিশ উইঙ্গার।
সব মিলিয়ে এমিরেটসে দেখা যেতে পারে দুই ভিন্ন শক্তির লড়াই—আর্সেনালের দৃঢ় রক্ষণ বনাম চেলসির গতিময় আক্রমণ। টানা তিন জয়ে মৌসুম শুরু করার লক্ষ্যে মাঠে নামবে দুই দলই। ফলে আজ রাতের লন্ডন ডার্বিতে উত্তেজনার কমতি থাকার কথা নয়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলএস্পির চমকে রিয়ালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলটটেনহামের বিপক্ষে লিভারপুলের জয়
ক্লাব ফুটবলআর্সেনালের সহজ জয়
ক্লাব ফুটবলসিরি আ-তে ইন্টার, কোমোর জয়; লিগ শীর্ষে রোমা
ক্লাব ফুটবলবড় জয়ের পরও বার্সার উন্নতি চান ফ্লিক
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।