খেলারদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

ম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন

দুই ফাইফারের দিনে একমাত্র ফিফটি এসেছে ক্যামেরন গ্রিনের ব্যাটে।

ম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দিনের শুরুতে বল হাতে দাপট দেখালেন মিচেল স্টার্ক। পরে সেই পথে পা বাড়ালেন বাংলাদেশের শরিফুল ইসলাম। দুজনই শিকার করেছেন ছয়টি করে উইকেট। দুই দলের বোলারের ফাইফারের দিনে ম্যাকাইয়ে প্রথম দিনে দুই দল হারিয়েছে ১৮ উইকেট।

বোলারদের এমন দাপটের দিনে প্রথম ইনিংসে বাংলাদেশের ৬৪ রানের জবাবে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৮ উইকেটে ১৬৫ রান তুলে। প্রথম দিন শেষে দলটির লিড ১০১ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরে স্টার্কের বোলিং তোপে কোনো ব্যাটারই পারেননি উইকেটে থিতু হতে। ফল, টপ অর্ডারের কোনো ব্যাটারই নিজেদের রান নিতে পারেননি দুই অঙ্কের ঘরে।

দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে ১১ নম্বরে নামা শরিফুল ইসলামের ব্যাটে। হাসান মাহমুদ ১০ ও মেহেদি হাসান মিরাজ করেন ১১ রান। তাদের তিনজনের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের রান পার হয় ৫০ রানের কোটা। না হলে, হয়তো আরও একবার সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার মুখে পড়তো লাল-সবুজের প্রতিনিধিরা।

১২ রানে ছয় উইকেট শিকার করেন স্টার্ক। ২২ বলের ব্যবধানে ফাইফার পূর্ণ করে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি। চতুর্থ দ্রুততম ফাইফারের মালিক তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইনকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের ১০ম সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন, পেসারদের মধ্যে ৫ম।

বাংলাদেশকে দ্রুত অলআউট করে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার সামনে। বল হাতে দাপুটে হয়ে ওঠেন শরিফুল ইসলাম। ক্যারিয়ারের প্রথম ফাইফার নিয়ে তার শিকার ছিল ৬ উইকেট।

তার বোলিং তোপে ৪১ রান তুলতে তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দ্রুত উইকেট হারানোর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। দুজনে ৪র্থ উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান।

বড় জুটিতে বাংলাদেশের সামনে রান পাহাড় তৈরির আশা জাগানো স্মিথ ৪২ রানে ফিরলে ভাঙে এই জুটি। পরে গ্রিনকে আর যোগ্য দিতে পারেননি বাউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। মাত্র ৩০ রানের ব্যবধানে এই চার ব্যাটারকে হারিয়ে ৮ম উইকেট হারায়।

এতে মনে হয়েছিল, হয়তো দুই দলের প্রথম ইনিংসই শেষ হবে প্রথম দিনেই। শেষ বেলায় স্বাগতিকরা আর কোনো উইকেট না হারানোয় ৮ উইকেটে ১৬৫ রান তুলে দিন শেষ করেছে। অপরাজিত আছেন ফিফটি করা ক্যামেরন গ্রিন (৫১) ও নাথান লায়ন (১০)।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।