খেলারদেশ

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ অশ্বিন

বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়কের ব্যাটিং আর মাঠের নেতৃত্বগুণে প্রশংসা ঝড়েছে ভারতীয় অফ স্পিনারের কণ্ঠে।

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ অশ্বিন
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ উইকেটে হারানোর পথে হাসান মাহমুদ-তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমের পাশাপাশি প্রশংসা পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মাঠের পারফরম্যান্সের চেয়ে তার প্রশংসা হচ্ছে অধিনায়কত্বের জন্য।

সেই তালিকায় এবার নাম তুলেছে ভারতের কিংবদন্তি সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে তার অবদান রয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের টেস্ট অধিনায়কের প্রশংসা করে এই ডানহাতি স্পিনার বলেন, ‘আমি তার (নাজমুল হোসেন শান্ত) অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করলেন, নিজের ব্যাট হাতে অবদান রাখলেন এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় খেললেন- এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।’

অধিনায়কের পাশাপাশি বাংলাদেশি পেসারদের প্রশংসাও করেছেন। তার কথায়, ‘এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলিং আক্রমণ যেভাবে বল করেছে, তা বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। তাসকিন দারুণ জায়গায় বল করেছেন।’

২০২৪ সালে ভারতের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। চেন্নাইয়ে সেবার ফাইফার নিয়েছিলেন হাসান মাহমুদ। সেই ঘটনা স্মরণ করে এই অফ স্পিনারের ভাষ্য, ‘হাসান ছিলেন অসাধারণ। চেন্নাইয়ে যখন বাংলাদেশ টেস্ট খেলেছিল, হাসান মাহমুদ কিন্তু আমাদের বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন।’

এইদিকে ডারউইনে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিখ্যাত পেস বোলিং ত্রয়ীকে সামলে করেন ক্যারিয়ারের প্রথম শতক। এমন দারুণ ব্যাটিং করা ব্যাটসম্যানের প্রশংসা করতেও ভুল করেননি ভারতীয় স্পিনার।

‘এই টেস্টে বাংলাদেশের ভালো দিক ছিল তাদের ব্যাটিং। তানজিদ হাসান তামিম পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিংও ছিল চমৎকার। আর নিচের দিকে মেহেদীও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যি বলতে তারা অজিদের কোনো সুযোগই দেয়নি।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।