খেলারদেশ

ডারউইন টেস্ট

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তানজিদ!

হাসান মাহমুদের পর ইতিহাস গড়লেন তানজিদ তামিম।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তানজিদ!
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ যেন বদলে দিচ্ছে পুরোনো ইতিহাসগুলো। প্রথম বোলার হিসেবে তাসমান সাগরপাড়ের দেশে ফাইফারের পেয়েছিলেন হাসান মাহমুদ। এবার সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম।

আজ শুক্রবার দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে নাথান লায়নের অফ স্ট্যাম্পের বাইরে করা বলটা লং অফে ঠেলে শূন্যে লাফ দিয়ে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটি প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের টেস্ট সেঞ্চুরি।

এর আগে দেশটির মাটিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংসের মালিক ছিলেন হান্নান সরকার। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে এসে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

১৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করার পথে মমিনুল হকের সঙ্গে গড়েন ১০২ রানের জুটি। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিল ৯৩ রানের জুটি। এই দুই জুটিতে ভর করে সহজে লিড পেয়ে যায় বাংলাদেশ।

দারুণ এই দুই জুটিতেই রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো উইকেট জুটিতে শতরান তুলেছিল বাংলাদেশ।

যদিও শতক পূরণ করে খুব বেশিদূর এগোতে পারেননি। তার ইনিংস থামে ১০১ রানে। যার বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন, সেই লায়নই তাকে ফিরিয়েছেন ড্রেসিংরুমে। তার ৫১ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ৮ চার ও এক ছক্কা।

পুরো ইনিংসে দারুণ ব্যাটিং করতে থাকা এই ব্যাটার আউট হওয়ার সময় খেলেছেন বাজে শট। সামনে এগিয়ে বড় শট খেলতে গিয়ে তুলে দেন ক্যাচ। লং অফে খানিকটা দৌড়ে এসে সেই ক্যাচ তালুবন্দি করেছেন মিচেল স্টার্ক।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।