খেলারদেশ

ডারউইন টেস্ট

দ্বিতীয় দিনের প্রথম সেশনও বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে দ্বিতীয়বারের মতো যে কোনো উইকেটে শতরানের জুটি দেখল বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশনও বাংলাদেশের
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

একটি দিন ভালো গেলে, পরের দিনটি ভালো করবে- এমন ব্যাপার একটু কমই দেখা যায়। ডারউইনে এই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এখনও ১৭ রানে পিছিয়ে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের রান ২ উইকেটে ১৮১।

১ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে তুলেছে ৮৫ রান।

টেস্টের নতুন দিনের প্রথম ঘণ্টায় ব্যাটিং করার চ্যালেঞ্জটা দারুণভাবে সামলেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও মমিনুল হক। শুধু দারুণভাবে সামলাননি দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজনে যোগ করেন ১০২ রান।

অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় শতরানের জুটি।

দারুণ এই জুটি গড়ার পথে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তানজিদ পেয়েছেন প্রথম হাফ সেঞ্চুরির দেখা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তার ব্যাটে এসেছে ৭৪ রান।

বাংলাদেশের দ্বিতীয় উইকেট জুটি ভাঙে অভিজ্ঞ মমিনুলের বিদায়ে। জশ হ্যাজলউডের করা ফুলার লেন্থের বলটি তার ব্যাটে স্পর্শ করে চলে যায় উইকেটের পেছনে। এতে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে থামে মমিনুলের ইনিংস।

এই বাঁহাতির বিদায়ের পর অবশ্য প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। থিতু হয়ে থাকা তানজিদকে নিয়ে দারুণভাবে এগোচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজনে যোগ করেন ৪৩ রান। ২৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক।

এই সেশনে সাফল্য পেতে মরিয়া থাকা অস্ট্রেলিয়া বেউ ওয়েবস্টার-ক্যামেরন গ্রিনদের মতো পার্টটাইম বোলারদেরকেও ব্যবহার করেছে। তবে বাংলাদেশ বেশ সাবধানী হয়ে খেলায়, পচা শামুকে আর পা কাটেনি। স্টার্ক-হ্যাজলউডদের মতো তাদেরকেও খেলতে পেরেছে কোনো বিপদ হতে না দিয়ে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।