ফ্যাব্রিজিও রোমানো
ফ্যাব্রিজিও রোমানোর ঘোষণার কারণ
‘হেয়ার উই গো’ কি আর শোনা যাবে না? ট্রান্সফার সাংবাদিকতা ছাড়ার ইঙ্গিত ফ্যাব্রিজিও রোমানোর

ফুটবল দুনিয়ায় ট্রান্সফার খবরের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন ফ্যাব্রিজিও রোমানো। তবে তার সাম্প্রতিক এক মন্তব্যে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।
৩৩ বছর বয়সী ইতালিয়ান এই ট্রান্সফার সাংবাদিক লিংকডইনে দেওয়া দীর্ঘ এক পোস্টে জানিয়েছেন, বর্তমান পদ্ধতিতে তিনি আর বেশিদিন ট্রান্সফার মার্কেটের সঙ্গে যুক্ত থাকবেন না। যদিও অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি রোমানো।
রোমানো লিখেছেন, তিনি সম্ভবত ‘বর্তমান যেভাবে করছি, সেভাবে আর বেশিদিন ট্রান্সফার মার্কেট ইন্ডাস্ট্রিতে থাকবেন না।’ একই সঙ্গে কাজের পদ্ধতি ও নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন। এ বিষয়ে চলতি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর বিস্তারিত আলোচনা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিশ্বকাপের পরপরই গ্রীষ্মকালীন দলবদলের ব্যস্ততায় ফিরতে হয়েছে রোমানোকে। ২০২৬ বিশ্বকাপ চলাকালে তার এক্স অ্যাকাউন্টকে টুর্নামেন্ট-সম্পর্কিত সবচেয়ে বেশি এনগেজমেন্ট পাওয়া অ্যাকাউন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রায় ৫০ লাখ রি-শেয়ারের পাশাপাশি একাধিক বড় ট্রান্সফার খবরও ব্যাপক সাড়া ফেলে।
এর মধ্যে বার্সেলোনা থেকে লিভারপুলে রোনাল্ড আরাউহোর ধারে যাওয়ার খবরটি ছিল অন্যতম আলোচিত। রোমানোর একটি পোস্টই পেয়েছিল প্রায় ৪ কোটি ৯০ লাখ ভিউ, ২০ লাখ লাইক এবং ৪৭ হাজারের বেশি মন্তব্য।
তবে চলতি বছর জানুয়ারিতেই রোমানো জানিয়েছিলেন, তিনি ছোটখাটো ও পুনরাবৃত্তিমূলক ট্রান্সফার আপডেটের সংখ্যা কমিয়ে বড় খবর, এক্সক্লুসিভ এবং মানসম্মত ফুটবল কনটেন্টে বেশি মনোযোগ দিতে চান। তাই তার সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি অবসরের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। বরং ধারণা করা হচ্ছে, প্রতিনিয়ত ট্রান্সফার আপডেট দেওয়ার ব্যস্ততা থেকে সরে গিয়ে এক্সক্লুসিভ খবর, দীর্ঘ ফরম্যাটের কনটেন্ট, ভিডিও এবং অন্যান্য ফুটবলভিত্তিক প্রকল্পে বেশি মনোযোগ দিতে পারেন তিনি।
অর্থাৎ, আপাতত ‘হের উই গো’ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, এমন কোনো নিশ্চিত খবর নেই। তবে ট্রান্সফার সাংবাদিকতায় রোমানোর পরিচিত কাজের ধরনে বড় পরিবর্তন আসতে পারে, আর সেই পরিবর্তনের চূড়ান্ত রূপ জানা যাবে বর্তমান ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।