ফুটবল ঘটনা
উগান্ডার ফুটবল অধিনায়ক ছিনতাইকারীদের হাতে নি*হত
ছিনতাইকারীদের হামলায় নিহত উগান্ডার ফুটবল অধিনায়ক ডেভিড ওওরি

ডেভিড ওওরি
উগান্ডার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির অন্যতম পরিচিত ফুটবলার ও এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি (২৭) রাজধানী কাম্পালায় নিজ বাড়ির সামনে সন্দেহভাজন ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে ফুটবলপ্রেমী, সতীর্থ, রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও শোকের ঢেউ ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কাম্পালার মাকিনদিয়ে এলাকায় নিজের বাড়ির কাছে ওওরিকে একদল দুর্বৃত্ত ঘিরে ধরে। তারা তার মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওওরি প্রতিরোধ করেন। এরপর হামলাকারীরা পেভিং স্টোন (রাস্তা নির্মাণের ইট) দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে এবং তার জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসসি ভিলার মুখপাত্র আসান কাসিংয়ে জানান, বাড়ির সামনে অতর্কিত হামলার শিকার হন ওওরি। হামলায় প্রাণঘাতী আঘাতেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
উগান্ডা পুলিশের মুখপাত্র র্যাচেল কাওয়ালা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ওওরির মৃত্যুতে এক বিবৃতিতে এসসি ভিলা বলেছে, “আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি; হারিয়েছি একজন নেতা, একজন ভাই, একজন বন্ধুকে।”

ডানপ্রান্তের ডিফেন্ডার ও মিডফিল্ডার দুই ভূমিকাতেই সমান দক্ষ ছিলেন ওওরি। তিনি উগান্ডা জাতীয় ফুটবল দল ‘দ্য ক্রেনস’-এর হয়েও খেলেছেন। ফুটবল মহলে তিনি ‘কলগেট’ ডাকনামে পরিচিত ছিলেন।
উগান্ডা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তাকে “মাঠের ভেতরে ও বাইরে প্রকৃত নেতা” হিসেবে অভিহিত করে জানায়, “ডেভিড শুধু একজন ফুটবলার ছিলেন না; তিনি ছিলেন একটি প্রজন্মের অনুপ্রেরণা।” জাতীয় দলও তাকে এমন একজন তারকা হিসেবে স্মরণ করেছে, যিনি দেশের কোটি মানুষের আশা বয়ে বেড়াতেন।
২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে এসসি ভিলায় ফিরে আসেন ওওরি। তার নেতৃত্বে ২০২৪ সালে ক্লাবটি ২০ বছর পর উগান্ডা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে এবং রেকর্ড ১৭তম লিগ শিরোপা নিজেদের করে নেয়। মাঠে নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত, তার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছিল।
তিনি ২০২১ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বে উগান্ডার হয়ে খেলেছিলেন এবং ভবিষ্যতেও জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছিল।
ওওরির হত্যাকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই কাম্পালায় বেড়ে চলা সহিংস অপরাধ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার উগান্ডার পার্লামেন্টে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই কাম্পালায় আরেক উগান্ডার ক্রীড়া তারকা, জাতীয় রাগবি খেলোয়াড় সিডনি গংগোডিও, গণপিটুনিতে নিহত হন। পরপর দুই ক্রীড়াবিদের মর্মান্তিক মৃত্যু দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।