ফুটবল ম্যাচে বজ্রপাত, খেলোয়াড় নি*হত

ফুটবল ম্যাচে বজ্রপাত
থাইল্যান্ডে একটি আঞ্চলিক ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ে নিহত হয়েছেন। ভয়াবহ এ ঘটনায় আরও অন্তত ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন বলে জানা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনা ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্ষাকালের প্রবল বর্ষণের মধ্যেই ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালে হঠাৎ এক তীব্র আলোর ঝলকের পর বিশাল একটি বজ্রপাত সরাসরি মাঠে আঘাত হানে। মুহূর্তের মধ্যে মাঠজুড়ে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। বজ্রপাতের ভয়াবহ আঘাতে লুটিয়ে পড়েন উইঙ্গার সাফওয়ান আওয়ে।
ঘটনার পরপরই খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দ্রুত মাঠ ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সতীর্থরা সাফওয়ানকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালান। পরে ছাতা ও স্ট্রেচারের সাহায্যে প্রবল বৃষ্টির মধ্যেই তাকে মাঠ থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্ট নিশ্চিত করেছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সাফওয়ান মারা যান। এই দুর্ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বজ্রপাতে আরও ১২ জন ফুটবলার দগ্ধ হন। আহতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সী মালয়েশিয়ান ফুটবলার আলিফ এজ্জাহান জুলকিফলি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের সান্তিফাপ স্টেডিয়ামে গোলক কাপ আঞ্চলিক টুর্নামেন্টের ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। প্রতিযোগিতাটিতে থাইল্যান্ড ও মালয়েশিয়ার স্থানীয় ও মিশ্র অপেশাদার দল অংশ নিয়েছিল।
উইঙ্গার ও ফরোয়ার্ড হিসেবে খেলা সাফওয়ান আওয়ে সম্প্রতি নিজের স্বপ্ন পূরণ করে থাই লিগ–৩ সাউদার্ন রিজিয়নের সেমি-পেশাদার ক্লাব এফসি ইয়ালায় যোগ দিয়েছিলেন। তার মৃত্যুতে ক্লাবটি ফেসবুকে শোকবার্তায় লিখেছে, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব। সাফওয়ান আওয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বর্ষা মৌসুম চলছে। সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার ঘটনা নিয়মিত ঘটে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় খোলা মাঠে খেলা চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এমন পরিস্থিতিতে দ্রুত খেলা বন্ধ করে সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।