ফিফা সভাপতি নির্বাচন প্রসঙ্গ
ইনফান্তিনোর বদলে লিসে ক্লাভেনেসকে চান ব্ল্যাটার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তার নেতৃত্ব নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছে বিভিন্ন ফুটবল ফেডারেশন ও প্রভাবশালী ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসের নাম সামনে এনেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্ল্যাটার লিখেছেন, "লিসে ক্লাভেনেস সর্বোচ্চ সম্মানের দাবিদার। তিনিই সব সময় স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং স্রোতের সঙ্গে গা ভাসাননি। ফিফার নেতৃত্বে এবার একজন নারীর আসার সময় হয়েছে।"
৪৪ বছর বয়সী ক্লাভেনেস নরওয়ের সাবেক আন্তর্জাতিক ফুটবলার। জাতীয় দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন। প্রায় ১৫ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন ক্লাবেও খেলেছেন।
২০১২ সালে অবসরের পর তিনি আইন পেশায় যোগ দেন। কর্মসংস্থান আইন বিষয়ে বিশেষজ্ঞ ক্লাভেনেস আইনজীবী ও অসলো আদালতের ডেপুটি বিচারক হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে তিনি নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের এলিট ফুটবলের পরিচালক হন। ২০২২ সালে ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। এই পদে নির্বাচিত হওয়া তিনিই প্রথম নারী।
ফিফার বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কড়া সমালোচক হিসেবেও পরিচিত ক্লাভেনেস। ২০২২ কাতার বিশ্বকাপের আগে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়টি তিনি প্রকাশ্যে তুলে ধরেন। এছাড়া ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবকে দেওয়ার বিড প্রক্রিয়ারও সমালোচনা করেন। তার দাবি ছিল, পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট দেশকে সুবিধা দেওয়ার মতো করে পরিচালিত হয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নেওয়া ব্যক্তিদের একজন ছিলেন ক্লাভেনেস। তার অবস্থান অন্য অনেক ফুটবল কর্মকর্তাকেও এই পরিকল্পনার বিরোধিতায় উৎসাহিত করে। বর্তমান সূচি অনুযায়ী ইনফান্তিনোর মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত। এরপর ২০২৭-৩১ মেয়াদের জন্য অনুষ্ঠিত হবে ফিফা সভাপতি নির্বাচন।
তবে এখনো ক্লাভেনেস তার প্রার্থিতা ঘোষণা করেননি। ব্ল্যাটারের সমর্থন তাকে আলোচনায় এনেছে, কিন্তু ফিফার পরবর্তী সভাপতি কে হবেন, তা নির্ধারণ করবে সদস্য দেশগুলোর ভোট।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।