ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো জাতীয় দলের অধিনায়ক আশরাফ হাকিমি
ধর্ষণের অভিযোগে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হবে বলে নিশ্চিত করেছে ফ্রান্সের প্রসিকিউশন কর্তৃপক্ষ। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের এই ডিফেন্ডার।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন যে প্যারিসে নিজের বাসভবনে তাকে ধর্ষণ করেন হাকিমি। ওই ঘটনার পর একই বছরের মার্চে প্যারিসের পশ্চিম উপকণ্ঠ নঁতেরের প্রসিকিউটর কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করে।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তদন্তকারী বিচারক মামলাটি বিচারের জন্য পাঠানোর নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিচার কার্যক্রম বাতিলের জন্য হাকিমি সম্প্রতি যে আপিল করেছিলেন, সেটিও খারিজ হয়ে গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে মরক্কো দল। বিশ্বকাপে শনিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ২৭ বছর বয়সী এই ফুটবলারের।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় হাকিমি লেখেন, ‘বছরের পর বছর আমি নীরব ছিলাম। ভেবেছিলাম মর্যাদা বজায় রাখা, ধৈর্য ধরা এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখাই সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করবে। আজ এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। এর মূল্য দিতে হচ্ছে আমার পরিবার, আমার জীবন এবং সবচেয়ে বেশি সত্যকে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলাম। এখন আমি সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অবশেষে আমি কথা বলার সুযোগ পাব।’
অভিযোগকারী নারীর আইনজীবী রাশেল-ফ্লোর পার্দো বলেছেন, তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি প্রক্রিয়ার পর তারা স্বস্তি ও আশার আলো দেখছেন। তার ভাষায়, বিচারব্যবস্থা তার বক্তব্য শুনেছে এবং তিনি এখন আদালতে নিজের কথা বলার সুযোগ পাবেন। একই সঙ্গে এই বিচার যৌন সহিংসতার অভিযোগ নিয়ে নীরবতার সংস্কৃতি ভাঙতে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মরক্কো যদি বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে এবং তাদের ম্যাচ কানাডা বা মেক্সিকোয় পড়ে, তাহলে হাকিমির অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ কানাডার আইন অনুযায়ী, অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে।
২০১৬ সালে মাত্র ১৭ বছর বয়সে মরক্কোর জার্সিতে অভিষেক হওয়া হাকিমি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন। ২০২২ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ২০২১ সালে ইন্টার মিলান থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেওয়া এই ডিফেন্ডার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি শিরোপা জিতেছেন!

Eliaus komol
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।