চেলসি - আর্সেনাল
শৈশবের বন্ধু থেকে লন্ডন ডার্বি প্রতিপক্ষ আলোনসো-আর্তেতা
শৈশবের বন্ধু থেকে মেরসিসাইড ডার্বির প্রতিপক্ষ, এবার প্রিমিয়ার লিগে কোচ হিসেবে মুখোমুখি আলোনসো-আর্তেতা

শৈশবের বন্ধু থেকে লন্ডন ডার্বি প্রতিপক্ষ আলোনসো-আর্তেতা
ফুটবলে বন্ধুত্বের গল্প কম নেই। তবে একই শহরে বেড়ে ওঠা, ছোটবেলায় একসঙ্গে ফুটবল খেলা, একই ক্লাবের স্বপ্ন দেখা, তারপর একদিন ইংল্যান্ডে গিয়ে মেরসিসাইড ডার্বিতে দুই ভিন্ন দলের জার্সিতে মুখোমুখি হওয়া, শাবি আলোনসো ও মিকেল আর্তেতার গল্পটা যেন একটু অন্যরকম।
এবার সেই গল্পে যোগ হচ্ছে নতুন অধ্যায়। প্রিমিয়ার লিগে কোচ হিসেবে প্রথমবার একে অপরের বিপক্ষে দাঁড়াতে যাচ্ছেন স্পেনের এই দুই পুরোনো বন্ধু। তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। দুই দলই মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছে। ফলে লন্ডন ডার্বির উত্তাপের সঙ্গে আলোনসো-আর্তেতার পুরোনো সম্পর্কও ম্যাচটিকে দিয়েছে বাড়তি আকর্ষণ।

দুজনের গল্পের শুরু স্পেনের সান সেবাস্তিয়ানে। শহরটি ফুটবলার তৈরির জন্য বেশ পরিচিত। সেই শহরের কাছাকাছি বেড়ে উঠেছেন আলোনসো ও আর্তেতা। ছোটবেলায় লা কনচা সৈকতে একসঙ্গে ফুটবল খেলতেন তারা। পরে দুজনই যোগ দেন আন্তিগুওকোতে, ছোট ক্লাব হলেও যার যুব একাডেমি থেকে উঠে এসেছেন অনেক প্রতিভাবান ফুটবলার।

মাঝমাঠে পাশাপাশি খেলতেন আলোনসো ও আর্তেতা। তখন তাদের স্বপ্ন ছিল একদিন একসঙ্গে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় পথ। ১৫ বছর বয়সে আর্তেতা চলে যান বার্সেলোনার একাডেমিতে। আলোনসো থেকে যান বাস্ক অঞ্চলে। পরে রিয়াল সোসিয়েদাদের মূল দলে জায়গা করে নেন তিনি।

২০০৪ সালের গ্রীষ্মে আবারও কাছাকাছি চলে আসেন দুজন। আর্তেতা যোগ দেন রিয়াল সোসিয়েদাদে। ক্লাবটির পরিকল্পনা ছিল শৈশবের দুই বন্ধুকে মাঝমাঠে একসঙ্গে খেলানো। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। রিয়াল সোসিয়েদাদে ফিরেই আলোনসো পাড়ি জমান লিভারপুলে। আর্তেতাও ক্লাবে থাকেন মাত্র অর্ধেক মৌসুম। এরপর তিনিও চলে যান ইংল্যান্ডে, তবে লিভারপুল নয়, যোগ দেন এভারটনে। ফলে আবারও ভাগ্য তাদের মুখোমুখি দাঁড় করায়। এবার বন্ধুরা একই দলের সতীর্থ নন, বরং মেরসিসাইড ডার্বির দুই প্রতিপক্ষ। আলোনসোর গায়ে লিভারপুলের লাল জার্সি, আর্তেতার গায়ে এভারটনের নীল।

সময়ের সঙ্গে দুজনের খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে। কিন্তু ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি কেউই। এখন দুজনই প্রিমিয়ার লিগের ডাগআউটে। আলোনসো চেলসির দায়িত্বে, আর্তেতা আর্সেনালের। অবশ্য কোচ হিসেবে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আলোনসোর একেবারে নতুন নয়। ২০২৪ সালের আগস্টে একটি প্রীতি ম্যাচে আর্তেতার আর্সেনালের মুখোমুখি হয়েছিল তার বায়ার লেভারকুসেন। সেই ম্যাচে আলোনসোর দলকে ৪-১ গোলে হারিয়েছিল আর্সেনাল।
তবে এবার মঞ্চটা আলাদা। প্রীতি ম্যাচ না, প্রিমিয়ার লিগের লড়াই। আর একসময় একই সৈকতে বল পায়ে ছুটে বেড়ানো দুই বন্ধু এবার দাঁড়াবেন দুই ডাগআউটে। একজন চেলসিকে নিয়ে, অন্যজন আর্সেনালকে নিয়ে। শৈশবের বন্ধুত্ব থাকবে আগের মতোই। কিন্তু ৯০ মিনিটের জন্য সেই বন্ধুত্বের জায়গা নেবে প্রতিদ্বন্দ্বিতা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।