খেলারদেশ

স্লেজিংকে গুরুত্ব দেননি তামিম, বাবা-মাকে উৎসর্গ করলেন সেঞ্চুরি

আগে থেকে স্লোজিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন সেঞ্চুরি করা তানজিদ।

স্লেজিংকে গুরুত্ব দেননি তামিম, বাবা-মাকে উৎসর্গ করলেন সেঞ্চুরি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দ্বিতীয় দিনের শেষভাগে এসে মেহেদি হাসান মিরাজকে স্লোজিং করলেন মিচেল স্টার্ক। এর আগে ম্যাচের কোনো অংশেই আসলে স্লোজিংয়ের তেমন দেখা মেলেনি। কিছুটা স্লোজিং করলেও তা বোঝা যায়নি দূর থেকে। মাঠে এসব স্লোজিংকে কোনো গুরুত্ব না দিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭ রানে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শুরু থেকে সাবলীল থাকা এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৮ চার ও এক ছক্কা।

দারুণ খেলতে থাকা তামিম অজিদের স্লোজিংয়ের শিকার হয়েছেন, সেটা স্বীকার করে নিয়েছেন সংবাদ সম্মেলনে এসে। সেখানে তিনি বলেন, ‘আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক কঠিন সময় দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। ওরা কিছুটা করেছে, তবে খুব বেশি না। যেহেতু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, তাই আমি বিষয়টাকে অতটা গুরুত্ব দেইনি।’

তিনি আরও বলেন, ‘আসলে আমি এটার (স্লোজিং) জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম।’

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার। বাড়তি কিছু না করার প্রচেষ্টা করেই পেয়েছেন এই সেঞ্চুরির দেখা।

তার কথায়, ‘আমাদের চেষ্টা ছিল যে আমরা অতিরিক্ত কিছু করব না। দিনশেষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়াটা আমার জন্য সত্যি অনেক ভালো লাগার একটি মুহূর্ত।’

এই সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করতে চান তানজিদ। তার কথায়, ‘তবে সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল, আমার বাবা-মায়ের জন্য এটা উৎসর্গ করতে চাই।’

শাহরিয়ার নাফিসের পর প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই বাঁহাতি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের সামলে এমন সেঞ্চুরি পাওয়ায় আউট হয়ে ফেরার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানায় তাকে।

এ নিয়ে তানজিদ বলেন, ‘স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা আসলে অনেক ভালো লাগার একটি জায়গা। খুব ভালো লাগছিল। এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আজকে অনুভব করেছি।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।