ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়েতে ছিলেন না রোনালদোর মা-ভাইবোন
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গোপন আয়োজন নিয়ে নতুন আলোচনা, বিয়েতে কেন উপস্থিত ছিলেন না রোনালদোর মা, ভাই ও দুই বোন কেউই?

রোনালদো ও জর্জিনা
প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। অবাক করার বিষয় হলো, রোনালদোর মা দোলোরেস আভেইরো এবং তার তিন ভাইবোন—হুগো, এলমা ও কাতিয়া এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ফলে পর্তুগিজ মহাতারকার বিয়ের বড় রহস্য হয়ে উঠেছে অনুষ্ঠানের অতিথির তালিকা।
অত্যন্ত গোপনীয়তায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র চারজন সাক্ষী এবং দম্পতির পাঁচ সন্তান। পর্তুগালের কাসকাইশে অবস্থিত প্রায় ৩ কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়িতে ১১ আগস্ট ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। বিয়েতে সাক্ষী ছিলেন জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ, রোনালদোর দীর্ঘদিনের বন্ধু মিগেল পাইশাও এবং স্পেনের দম্পতি হোসে রদ্রিগেজ সাঙ্গিল ও মনিকা গনসালেস মার্তিনেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তান—ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্তিনা এবং বেলা।

ক্রিশ্চিয়ানো রোনালদো, জর্জিনা ও পাঁচ সন্তান
রোনালদোর সঙ্গে তার মা দোলোরেসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবারই জানা। তাই তার অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পর্তুগিজ টেলিভিশন উপস্থাপক ক্রিস্টিনা ফেরেইরা দাবি করেছেন, রোনালদোর পরিবারের সদস্যরা নাকি বিয়ের খবর জানতেই পেরেছিলেন অনুষ্ঠান শুরুর মাত্র ৩০ সেকেন্ড আগে। যদিও এই তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

মা ও ভাইবোনদের সঙ্গে ক্রিশ্চিয়ানও রোনালদো
অতীতে জর্জিনা ও রোনালদোর পরিবারের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেলেও বিয়ের পর দোলোরেস প্রকাশ্যে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হার্ট ইমোজি দিয়ে ছেলের নতুন জীবনের প্রতি সমর্থন ও আশির্বাদ জানিয়েছেন। একইভাবে রোনালদোর বোন কাতিয়াও অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৫ সালের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন রোনালদো ও জর্জিনা। ঠিক এক বছর পর একই দিনে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হাজারো দর্শকের উল্লাসভরা স্টেডিয়ামে খেলতে অভ্যস্ত রোনালদো, অথচ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটাকেই উদযাপন করলেন একদমই ব্যক্তিগত পরিসরে, পরিবারের সীমিত সদস্য ও সন্তানদের নিয়ে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবলকুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
ফুটবলপ্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়
ফুটবল‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’
ফুটবলআবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।